সারাদেশ
শিকলে বাঁধা অচেতন অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার টঙ্গীর নিখোঁজ খতিব মাওলানা মহিবুল্লাহ
গাজীপুরের টঙ্গী মরকুন টিএন্ডটি কলোনি জামে মসজিদের নিখোঁজ খতিব মাওলানা মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে পঞ্চগড় থেকে শিকলে বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেছেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড়ের হিলির্বোড বাজার এলাকার একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে মাওলানা মহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী। তিনি জানান, পঞ্চগড় যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন তাঁকে ফোনে উদ্ধার অভিযানের খবর দেন।
স্থানীয় মুসল্লিদের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে জুমার খুতবায় সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের অবনতি ও উগ্রপন্থি কার্যক্রমের বিরুদ্ধে বক্তব্য রাখায় মাওলানা মহিবুল্লাহকে একটি বিতর্কিত গোষ্ঠী পরপর ১২টি হুমকিমূলক চিঠি পাঠায়। সর্বশেষ ২১ অক্টোবর আবারও হুমকি দেওয়ার পর ২২ অক্টোবর (বুধবার) থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার ঘটনায় মাওলানা মহিবুল্লাহর ছেলে মো. মোহামুদুল্লাহ টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, “আমরা খবর পেয়েছি, মাওলানা মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে টঙ্গীতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় টঙ্গী টিএন্ডটি বিটিসিএল কলোনি এলাকার মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি। তাঁরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।