সারাদেশ
গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ খান মুন (৪০)। তিনি গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের ঝিলপাড় এলাকার চাঁদনী রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।
ওসি বলেন, “রাশেদ খান মুনকে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা (নম্বর ০৯/২৪)-এর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ খান মুন প্রয়াত অ্যাডভোকেট আবদুর রশিদ মণ্ডলের ছেলে। তার বাবা ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। সম্প্রতি রাশেদ খান মুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছিলেন।