সারাদেশ

খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ব্যাংক কর্মকর্তা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম

খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ব্যাংক কর্মকর্তা
খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ব্যাংক কর্মকর্তা। ছবি: সংগৃহীত

রংপুরে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গোলাম রব্বানী। তিনি জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামের বাসিন্দা।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রংপুর শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের কারণে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গোলাম রব্বানীকে আটক করে পুলিশে দেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জানা গেছে, গোলাম রব্বানী মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নম্বর ২২৮৩৮৪৬) হয়ে পরীক্ষায় অংশ নেন। অভিযোগ রয়েছে, তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই প্রক্সি দিতে রাজি হয়েছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী বলেন, “গোলাম রব্বানী অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেন। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ভবিষ্যতে খাদ্য অধিদপ্তরের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।”

উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা শনিবার রংপুর অঞ্চলের ৪৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। রংপুর জেলায় মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন।