সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক ভারতীয় নাগরিকসহ ৬ জন পাচারচক্রের সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রসুলপুর বিওপির একটি টহলদল উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এরপর রাতেই আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন— ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম গ্রামের নেপাল বর্মন (২৯), নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রাণী (৩০) ও তার দুই মেয়ে তনুশ্রী রাণী (১০) ও রাজশ্রী রাণী (৩), এবং পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রাণী দাস (৪৭)।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক নেপাল বর্মন স্বীকার করেছেন যে, তিনি ২০২২ সাল থেকে বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করে মানব, নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত। চলতি বছরের ২২ অক্টোবর তিনি হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং নওগাঁর জলি রাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ২৬ অক্টোবর কোর্ট ম্যারেজের পর তাকে, তার দুই সন্তানসহ এবং আরও দুইজন বাংলাদেশি নাগরিককে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেন।

৪ নভেম্বর তিনি রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে তাদের একত্রিত করেন এবং ৫ নভেম্বর ফের বাংলাদেশে প্রবেশ করে পাচারের প্রস্তুতি নেন। তবে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পাচারচক্রটিকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

বিজিবি সূত্রে জানা গেছে, নেপাল বর্মন বাংলাদেশের বিরামপুর উপজেলার ভোলা, রোস্তম ও শহিদুল নামের তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, “বিজিবির পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।”

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, “সীমান্ত রক্ষা ছাড়াও মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভারতীয় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।”