সারাদেশ

সাঘাটায় নিশাতের মোটরসাইকেল শো-ডাউনে হামলা ও ভাঙচুর, ১৪৪ ধারা জারি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

সাঘাটায় নিশাতের মোটরসাইকেল শো-ডাউনে হামলা ও ভাঙচুর, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল কুামাহ্ তমাল স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, আগামী রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

আদেশে বলা হয়েছে, স্থানীয় নেতা নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় কোনো ব্যক্তি অস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন কিংবা প্রদর্শন করতে পারবে না। এছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়া, সভা-সমাবেশ, মিছিল বা মাইকিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

শনিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মীর আল কুামাহ্ তমালের স্বাক্ষর ও দাপ্তরিক সিলযুক্ত এই আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নাহিদুজ্জামান নিশাতের শো-ডাউনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও অন্য পক্ষের নাম উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাঘাটা থানার অফিসার ইনচার্জ এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।