সারাদেশ

উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়ায় মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় সকাল থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষায়, “শীত যেন কড়া নাড়ছে দরজায়।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টায় রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন (সোমবার) একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাতের শেষে বাড়ছে শীতের তীব্রতা। দিনভর রোদের উষ্ণতা কিছুটা থাকলেও সন্ধ্যা নামতেই তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। এতে গ্রামাঞ্চলে লেপ-কম্বল, সোয়েটার, জ্যাকেট ও চাদরের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।

পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোর স্থানীয় হাটবাজারে শুরু হয়েছে শীতবস্ত্র কেনাবেচার জমজমাট অবস্থা। ক্রেতারা বলছেন, নভেম্বরের মাঝামাঝি এসেই শীতের আমেজ এবার অন্য বছরের চেয়ে বেশি অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তেঁতুলিয়া অঞ্চলটি দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৬ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।”

আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ধীরে ধীরে দক্ষিণের দিকে ছড়িয়ে পড়বে। চলতি মাসের শেষ দিকেই সারা দেশে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে।