সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বইছে হিমেল হাওয়া-বাড়ছে শীতের আমেজ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বইছে হিমেল হাওয়া-বাড়ছে শীতের আমেজ
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বইছে শীতল হাওয়া, মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া-পুরো অঞ্চলজুড়ে নেমে এসেছে হালকা শীতের পরশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বউত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এ পর্যন্ত সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত এলাকাজুড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পুরোপুরি পৌঁছাতে পারছে না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা তৈরি হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি সাধারণত শরৎ ও শীতের মধ্যবর্তী সময়-অর্থাৎ ঋতু পরিবর্তনের সময়ে দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এই বছর কিছুটা আগেই ঠান্ডা পড়তে শুরু করেছে।

এর আগের দিন, মঙ্গলবার (১১ নভেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাত্র একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের জেলায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।”

ইতিমধ্যে জেলার মানুষজন সকাল-সন্ধ্যায় গরম পোশাক ব্যবহার শুরু করেছেন। চা-বাগান, নদীর পাড় ও হাটবাজারে বেড়েছে চায়ের দোকানে ভিড়। শিশু ও বৃদ্ধদের মধ্যে ঠান্ডাজনিত অসুস্থতা কিছুটা বাড়লেও সাধারণ মানুষ শীতের আগমনকে বরণ করে নিচ্ছেন হাসিমুখে।