সারাদেশ
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল (ভিডিও)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ ড. মুহাম্মদ শামীম কায়সার লিংকন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা ফারুক আহমেদ।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের "দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের" বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তারা দাবি জানান, আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্র ও নিপীড়নের জবাব ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে।
মিছিলটি গোবিন্দগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাশিদা পার্কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।