সারাদেশ
বিরামপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ (ভিডিও)
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়। দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা—বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে একযোগে ফ্রি মেডিকেল সেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম চলছে।

শুক্রবার সকালে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিরামপুরের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুর আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।