সারাদেশ
বিরামপুরে স্ত্রীর কাঠের পিঁড়ির আঘাতে প্রাণ গেল স্বামীর
দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে হাফিজজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কানজগাড়ী (কুচিয়ামোড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ইসলামের প্রথম স্ত্রী'র পক্ষের মেয়ে মিনারা বেগম জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রী ছিল রেহেনা বেগম। আজ মঙ্গলবার সকালে দ্বিতীয় স্ত্রী রেহেনার সঙ্গে আমার বাবার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেহেনা বেগম কাঠের বসার পিঁড়ি দিয়ে আমার বাবা (হাফিজুল ইসলামের) মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ রেহেনা বেগমকে আটক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। আটক রেহেনা বেগমকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।