সারাদেশ
উত্তরে বইছে শীতের হাওয়া, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে
হিমালয়ের পাদদেশবর্তী অঞ্চল হওয়ায় প্রতি বছরের মতো এবারও দেশের অন্য অঞ্চলের তুলনায় আগে শীত নেমে এসেছে সীমান্তবর্তী পঞ্চগড়ে। নভেম্বরের শেষদিকে এসে জেলার বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রাও তেঁতুলিয়াতেই রেকর্ড হয়েছিল- ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শুক্রবার সকালেও শীতের তীব্রতা অনুভূত হয়েছে। তিনি বলেন, “আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।”
উত্তরাঞ্চলে শীতের আগমনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পরিবর্তন এসেছে। সকাল-সন্ধ্যায় বের হতে বাড়তি উষ্ণ পোশাকের প্রয়োজন পড়ছে, আর তেঁতুলিয়ার শীতপ্রবণ এলাকায় আগেই বেড়েছে গরম কাপড়ের চাহিদা।