সারাদেশ
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব দ্রুত বাড়ছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল।
এর আগের দিন শনিবার একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করা তাপমাত্রা রবিবার আরও নিচে নামায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়েছে। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদরসহ জেলার বিভিন্ন এলাকায় ভোর থেকেই শীতল হাওয়া বইতে শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ক্রমাগত কমছে এবং আগামী সপ্তাহে তা আরও কমার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শীতপ্রবাহের আগাম আভাসে পঞ্চগড়ের মানুষ এখনই ঘরে ঘরে শীতবস্ত্র বের করে ব্যবহারে ব্যস্ত হয়ে পড়েছে। উত্তরাঞ্চলে শীতের আগমন যেন এ বছর একটু বেশিই তাড়াতাড়ি অনুভূত হচ্ছে।