সারাদেশ

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
ঘন কুয়াশায় ঢেকে গেছে তেঁতুলিয়ার জনপথ। ছবি: ঢাকাপ্রকাশ

পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়েছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, সেদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে।

ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়। তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও দিনের বেলায় রোদ দেখা যায়, তবে ভোরের ঠান্ডা বাতাস ও সকালের কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে।

গলেহাহাট এলাকার বাসিন্দা মাসুদ বলেন, “হাতমোজা পরে বাইকে উঠলেও হাত ঠিকমতো কাজ করে না। কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে আস্তে চালাতে হয়।”

দৈনিক মজুরির শ্রমিক হুসেন উদ্দিন বলেন, “কাজ না করলে আয় নেই। কিন্তু এত ঠান্ডায় সকালে কাজে বের হওয়া খুব কষ্টকর। তবু পেটের দায়ে বের হতে হয়।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “প্রতিদিনই শীত বাড়ছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। গতকাল তা নেমে আসে ১১ দশমিক ৭ ডিগ্রিতে, আজ আবার বেড়ে ১২ ডিগ্রি হয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন শীত দেখা মানে সামনে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।”