সারাদেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা
উত্তরের পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের স্থিতিশীল তাপমাত্রার পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি। ফলে এলাকায় শীতের প্রকোপ আরও বেড়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি তীব্র হচ্ছে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উত্তরের হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।”
শীতের কারণে রাত ও সকালগুলো কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা। সকালে ঝলমলে রোদ উঠলেও বিকেল চারটার পর তা আবার হারিয়ে যায়। তাপমাত্রার হঠাৎ পতনের কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরে দিন কাটাচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা শীতের তীব্রতায় অতিরিক্ত কষ্ট পাচ্ছেন।
এছাড়া, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ের হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিনই রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শীতজনিত অসুস্থতার মধ্যে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
জিতেন্দ্র নাথ আরও জানান, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। তেঁতুলিয়া ও আশপাশের জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে থাকবে, তাই মানুষকে শীত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।