সারাদেশ

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক। ছবি: ঢাকাপ্রকাশ

আগামীকাল অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে রংপুরে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি রেস্টুরেন্ট এলাকার কাছ থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

বিকেল সাড়ে ২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ডিবি পুলিশ জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।