সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রিতে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রিতে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
ছবি: সংগৃহীত

দেশের শীতপ্রবণ অঞ্চল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় তেঁতুলিয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। শীতের কারণে অনেক শ্রমজীবী মানুষ ভোরে কাজে বের হতে পারছেন না, ফলে আয়-রোজগারেও প্রভাব পড়ছে।

আবহাওয়া অফিস জানায়, এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও এক দিন আগে বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, আর ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

টানা শীত ও ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে ভোর থেকেই গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা বেড়েছে। তিনি বলেন, “আগামী কয়েক দিন এই শীতল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।”

এদিকে, তীব্র শীতের কারণে শীতবস্ত্রের চাহিদা বাড়ছে। স্থানীয়রা দ্রুত শীতবস্ত্র সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন।