সারাদেশ
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে ইলেকট্রনিক ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক পরীক্ষার্থীর নাম পরিমল সরকার। পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নকল প্রতিরোধে প্রযুক্তিগত দিকসহ সব ধরনের নজরদারি জোরদার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।