সারাদেশ
জামায়াত জোটের আয়োজনে পঞ্চগড়ে নির্বাচনী জনসভা
জামায়াত জোটের আয়োজনে পঞ্চগড়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। পঞ্চগড় চিনিকল মাঠে নির্ধারিত সভাস্থল ছাড়িয়ে আশপাশের এলাকা এবং ঢাকা–পঞ্চগড় মহাসড়ক পর্যন্ত মানুষের ঢল নেমেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই জেলার পাঁচটি উপজেলা থেকে দলে দলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে আসতে শুরু করেন। তবে সকাল ৯টার পর থেকে জনস্রোত উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছালে ধীরে ধীরে পুরো মাঠ জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে। পরে মাঠে জায়গা না পেয়ে অনেককে আশপাশের সড়ক ও মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকার বাইরে এটি তার প্রথম নির্বাচনী প্রচারণার জনসভা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সারজিস আলম (শাপলা কলি প্রতীক) এবং পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি) নির্বাচনে অংশ নিচ্ছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান পঞ্চগড় থেকে বেলা ২টায় দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে সংক্ষিপ্ত কর্মসূচি শেষে বিকেল ৪টায় তিনি যাবেন ঠাকুরগাঁও। এরপর রংপুরে পৌঁছে সন্ধ্যা ৭টায় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। জনসভা শেষে তিনি রংপুরে রাত যাপন করবেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এই জনসভা উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।