সারাদেশ
আমাকে ভোট দিলে আপনাদের বিয়ের ব্যবস্থা করব: স্বতন্ত্র প্রার্থী আশা
নির্বাচনী প্রচারণায় যখন উন্নয়ন, কর্মসংস্থান কিংবা সংস্কারের প্রতিশ্রুতি শোনা যাচ্ছে চারদিকে, তখন একেবারেই আলাদা সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। ভোটের বিনিময়ে ‘বিয়ের ব্যবস্থা’ করে দেওয়ার ঘোষণায় তিনি ইতোমধ্যেই নির্বাচনী মাঠে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগের সময় দেওয়া এক সাক্ষাৎকারে আশা মণি জানান, তরুণ ভোটারদের কাছ থেকেই এমন ভিন্নধর্মী দাবি পাচ্ছেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, অনেক তরুণ তাকে অনুরোধ করছেন- “আপা, আমাদের বিয়েটা একটু ব্যবস্থা করে দেন।” এর জবাবে তিনি মজার ছলে বলেছেন, “আমাকে একটি করে ভোট দিন। আমি জিততে পারলে আপনাদের বিয়ের পথটা সহজ করে দেব।”
এই প্রতিশ্রুতি কেবল তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। গণসংযোগে দাদা-দাদি, নানা-নানি থেকে শুরু করে চাচা-চাচিদের কাছেও তিনি হাস্যরসের ছলে ‘বিয়ের উপহার’ হিসেবে ভোট চেয়েছেন বলে জানান প্রার্থী নিজেই।
আশা মণির এমন বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে তৈরি হয় রীতিমতো হাসির রোল।
ফেসবুক ব্যবহারকারী জয়দেব নাথ মন্তব্য করেন, “কেউ দিচ্ছে বেহেশতের টিকিট, কেউ ফ্যামিলি কার্ড— আর আশা মণি আপা দিচ্ছেন বউ কিংবা স্বামী!”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ব্যতিক্রমী ও রসিক বক্তব্য নির্বাচনী প্রচারণায় সাময়িকভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে শেষ পর্যন্ত বাস্তব রাজনীতিতে এর প্রভাব কতটা ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।