সারাদেশ

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি আবু সাঈদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। এ সময় মকবুল হোসেন তার ছেলের হত্যার বিচার দাবি করেন। তারেক রহমান পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়া থেকে সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় জনসভায় যোগ দিতে রওনা দেন তারেক রহমান। পথিমধ্যে তিনি কয়েকটি পথসভায় বক্তব্যও দেন।

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।