সারাদেশ
টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের বদলে মিলল পানির বোতল
রমজান উপলক্ষে বিতরণের জন্য পাঠানো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলায় আসা একটি ট্রাকে একটি কার্টনে ৯ বোতল পানিভর্তি বোতল পাওয়া যায়। প্রতিটি বোতল ছিল ২ লিটার ধারণক্ষমতার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও উপজেলা খাদ্য গুদাম (এলএসডি গোডাউন) এলাকায় ট্রাকটি আনলোড করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি দিনাজপুর দশমাইল–এ অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ডিপো থেকে পণ্য নিয়ে বোদা উপজেলা এলএসডি গোডাউনে আসে। ট্রাক থেকে পণ্যের কার্টন নামানোর সময় ওজনে অস্বাভাবিকতা লক্ষ্য করেন শ্রমিকরা। এতে সন্দেহ হলে একটি কার্টন খুলে দেখা যায়, সয়াবিন তেলের বোতলের পরিবর্তে ভেতরে পানিভর্তি বোতল রয়েছে।
বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে একটি ট্রাক তেলসহ বিভিন্ন পণ্য নিয়ে গোডাউনে আসে। আনলোডের সময় সন্দেহ হওয়ায় কার্টন খুলে দেখা হয়। তখন তেলের পরিবর্তে সাদা পানিভর্তি একটি কার্টন পাওয়া যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আনলোড করার সময় এক কার্টনে ৯ বোতল পানি পাওয়া গেছে। ঘটনার পর মালামাল গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ঘটনাটি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্যে এ ধরনের অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।