সারাদেশ

বিরামপুরে রেলক্রসিংয়ে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

বিরামপুরে রেলক্রসিংয়ে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা
ছবি: সংগৃহীত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলক্রসিংয়ে রেললাইনের ওপর বিকল হয়ে পড়া একটি ট্রাকে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আল আমিন (৩০) গুরুতর আহত হন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে বিরামপুরের রেলগুমটি (ঘোড়াঘাট রেলক্রসিং) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফিডবোঝাই একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আটকা পড়ে। এ সময় ট্রাকের চালক ও হেলপার দ্রুত সেটি সচল করার চেষ্টা করছিলেন। ঠিক তখনই খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে সেখানে এসে পৌঁছে এবং বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রাকটি রেললাইন থেকে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক আল আমিন আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ট্রাকের হেলপার অক্ষত আছেন বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।