সারাদেশ
রৌমারীতে সরকারি ওষুধ পাচারের অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোরকিপারকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের অভিযোগে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম ফারুক।
সোমবার রাত প্রায় ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায়। সেখানে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযানের সময় বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জামসহ স্টোরকিপার ফারুককে আটক করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।