সারাদেশ

রংপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মদপান করে একে একে প্রাণ হারালেন ৫ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম

রংপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মদপান করে একে একে প্রাণ হারালেন ৫ জন
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ নিহত দুলা মিয়া (৪৫) বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একে একে পাঁচজনের মৃত্যু ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০), যিনি অ্যালকোহল পানের রাতেই মারা যান। এরপর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার মারা যান এরশাদ আলী (৪০)। সর্বশেষ বুধবার কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের দুলা মিয়া মৃত্যুবরণ করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ শিকদার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত ও পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের মাধ্যমে বিষাক্ত অ্যালকোহলের উৎস এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।