সারাদেশ
গোবিন্দগঞ্জে অপহরণের পর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কামদিয়া কোচিং সেন্টার থেকে ফেরার পথে কামদিয়া দ্বি-উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে একই শ্রেণির ছাত্র হুমায়ুন কবির (১৮) ও তার সহযোগীরা জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে হুমায়ুন কবির ও সাকিরুল ইসলামসহ আরও দুজন- অনিক মিয়া (১৮) ও সাব্বির মিয়া (১৯) মিলিতভাবে তাকে ধর্ষণ করে এবং আটকে রাখে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কৌশলে সেখান থেকে পালিয়ে এসে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আরিফুল ইসলাম মিটন গোবিন্দগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে সাকিরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।