সারাদেশ
গোপালগঞ্জে আর্জেন্টিনার জয়ের আশায় সমর্থকদের ভুরিভোজের আয়োজন
ফিফা বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে। প্রিয় দল আর্জেন্টিনার জয়ের প্রত্যাশায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পবনাপাড় গ্রামে সমর্থকেরা আয়োজন করেছেন ব্যতিক্রমী ভোজের।
রোববার (১৯ জুলাই) ফাইনাল ম্যাচ উপলক্ষে পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি গরু জবাই করে রান্নার ব্যবস্থা করা হয়, যা ঘিরে সকাল থেকেই জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।
দূর-দূরান্ত থেকে সমর্থকেরা এসে জড়ো হন এই ভোজে অংশ নিতে। প্রিয় দলের খেলা সামনে রেখে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস। শুধু পবনাপাড় নয়, কোটালীপাড়ার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনা ভক্তদের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি খাবারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালেও তারা একই ধরনের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে গরু কিনে এই ভোজের আয়োজন করা হয়েছে। এতে শুধু সমর্থকরাই নয়, এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, আর্জেন্টিনা সমর্থক ও উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ বলেন, কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১২টি আয়োজনের মাধ্যমে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুযোগও রাখা হয়েছে।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে এমন আয়োজনের মাধ্যমে দেশের আর্জেন্টিনা ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করছেন।