সারাদেশ
আর্জেন্টিনার পরাজয়ে হতাশা, মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন দুই যুবক
ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর কুড়িগ্রামের রাজারহাটে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন দুই তরুণ। প্রিয় দল আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে তারা মাথা ন্যাড়া করে প্রকাশ্যে দলটির সমর্থন ত্যাগের ঘোষণা দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিশ্বকাপ শুরুর পর থেকে তারা নিজেদের বাড়ি ও আশপাশে পতাকা টানানো, জার্সি পরে সমর্থন জানানো এবং প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে তাদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। সম্ভাব্য শিরোপা উদযাপনের জন্য আগাম নানা প্রস্তুতিও নিয়েছিলেন তারা। তবে নির্ধারিত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেলে মুহূর্তেই সেই আনন্দ ভেঙে পড়ে।
খেলা শেষ হওয়ার পরপরই রোমান ও আল আমিন স্থানীয় একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন। এরপর প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে তারা আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না।
তাদের এই সিদ্ধান্ত দ্রুতই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নিখাদ ক্রীড়াপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়—এভাবে অতিরিক্ত আবেগ প্রকাশ করা ঠিক নয়।
খেলাপ্রেমীদের মতে, ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা। প্রিয় দলের জয় যেমন আনন্দ এনে দেয়, তেমনি পরাজয় হতাশাও সৃষ্টি করে। তবে সুস্থ ক্রীড়া সংস্কৃতি বজায় রাখতে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়াই কাম্য।
রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী প্রতিবাদ এখন স্থানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।