সারাদেশ

প্রতিমন্ত্রীর সঙ্গে ‘ছবি’ ভাইরাল, যা বললেন মারিয়া এলিন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

প্রতিমন্ত্রীর সঙ্গে ‘ছবি’ ভাইরাল, যা বললেন মারিয়া এলিন
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

রাহেমীন মারিয়া এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মারিয়া সরকার’ নামে পরিচিত তিনি। কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে গিয়ে, তৎকালীন নির্বাচনের পাঁচ-ছয় মাস আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে ছবি তুলেছিলেন।

তার অভিযোগ, সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওর সঙ্গে তার সেই পুরোনো ছবি যুক্ত করে বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন। তবুও তার ছবি ব্যবহার করে ভুল পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এলিন আরও বলেন, উপস্থাপনার কাজের কারণে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ছবি রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কয়েক দিন আগে ব্যক্তিগতভাবে একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেও পরে ভুল ব্যাখ্যার আশঙ্কায় সেটি মুছে ফেলেন। তার দাবি, কেউ ছবিটি সংরক্ষণ করে পরবর্তীতে অপপ্রচারে ব্যবহার করেছে।

তিনি অভিযোগ করেন, তাকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এলিন জানান, তার বাবা-মা দুজনই মারা গেছেন এবং তিনি কষ্ট করে লেখাপড়া ও নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। এ ধরনের অপপ্রচারে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, এর সত্যতা নিয়ে তার সন্দেহ রয়েছে। তার ধারণা, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিও হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে।

অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তার সম্মানহানির বিচার নিশ্চিত করার দাবি জানান রাহেমীন মারিয়া এলিন।