সারাদেশ

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারেন, তার দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

সোমবার ১৯ অক্টোবর সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো, ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।’

বিদেশিদের বাংলাদেশে ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার বিষয়ে আসাদুজ্জামান বলেন, আগে কোনো বিদেশি বাংলাদেশে ব্যবসা করতে চাইলে বর্তমান আইনে ৫৫টি জায়গায় ধরনা দিতে হতো এবং এতে তিন বছর সময় লাগত। তবে আইন সংশোধনের মাধ্যমে সেই প্রক্রিয়া মাত্র দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত সপ্তাহে শৈলকুপা থেকে শেখপাড়া ও ভাটই হাইওয়ে সড়ক মেরামতের জন্য ১৯১ কোটি টাকা অনুমোদন হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাহিদা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তালিকায় ৩৯৩টি রাস্তা অন্তর্ভুক্ত হয়েছে। আগামী সপ্তাহে এসবের গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।

মাহেন্দ্র, ইজিবাইক ও ভ্যানচালকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, রাস্তায় যত্রতত্র গাড়ি রাখা যাবে না। এতে যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ সুবিধা এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।