সারাদেশ
মসজিদে এশার নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. আফসার আলী নামে ৭০ বছর বয়সী এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আফসার আলী ওই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেল নিয়ে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। এশার ফরজ নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।
শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মো. আফসার আলীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তিনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন, তা তার ধর্মীয় নিষ্ঠা ও আল্লাহর প্রতি আনুগত্যের পরিচায়ক।
মুহাম্মদ বেলাল হোসেন আরও বলেন, ব্যক্তিজীবনে আফসার আলী ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ। সাংগঠনিক জীবনেও তিনি ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।