সারাদেশ

থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত, যুবক গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম

থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত, যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই থানা চত্বরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগে আসলাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কর্মস্থলে বিশ্রামে রয়েছেন।

গত ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কালাই থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরদিন ২০ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। ওই দিন রাতেই অভিযুক্ত আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কালাই থানার কনস্টেবল মাহমুদুল হাসান রকি, গাড়িচালক কনস্টেবল মাসুদ রানা এবং উপপরিদর্শক আহসান হাবীব। অভিযুক্ত আসলাম হোসেন কালাই পৌর শহরের থুপসাড়া মহল্লার মুনসুর রহমানের ছেলে। তার বয়স ২৮ বছর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে সবার অগোচরে থানার ভেতরে ডিউটি কর্মকর্তার কক্ষের সামনে গিয়ে দাঁড়ান আসলাম হোসেন।

থানা ভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা নারী কনস্টেবল স্মৃতি আক্তার তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। তবে কোনো জবাব না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকেন আসলাম।

এলোপাতাড়ি আঘাতে রকির বাম চোয়ালে আঘাত লাগে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে আসলাম তার পিছু নেন। এতে রক্তাক্ত জখম হন ওই পুলিশ সদস্য।

অন্য পুলিশ সদস্যরা আসলামকে আটকানোর চেষ্টা করলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে থানার গাড়িচালক কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। মাসুদ রানাকে রক্ষা করতে উপপরিদর্শক আহসান হাবীব এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরে থানার পরিদর্শক ইমায়েদুল জাহেদীসহ অন্য পুলিশ সদস্যরা আসলামকে আটকানোর চেষ্টা করলে তিনি হাতে থাকা কাঠের বাটাম ফেলে দ্রুত থানার ভেতর থেকে পালিয়ে যান।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন পুলিশ বাদী হয়ে আসলামের বিরুদ্ধে মামলা করে। ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসলামের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, থানায় ঢুকে আসলাম হোসেন নামে এক যুবক তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি মন্ত্রীর দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।