সারাদেশ

লালমনিরহাটে বিয়ের দাবিতে স্কুলশিক্ষিকার অনশন, বাড়ি থেকে পালালেন সিভিল জজ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

লালমনিরহাটে বিয়ের দাবিতে স্কুলশিক্ষিকার অনশন, বাড়ি থেকে পালালেন সিভিল জজ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক সিভিল জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অনশন চালিয়ে যাচ্ছেন ওই শিক্ষিকা।

অনশনরত শিক্ষিকার নাম আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। তিনি টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসসংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। বর্তমানে রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বগুড়া জজ কোর্টে সহকারী জজ হিসেবে কর্মরত। শিক্ষিকা তার বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে তিনি সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিক্ষিকা প্রাপ্তির দাবি, ইউনুস আলীর সঙ্গে তার দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক। তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগ দেন। অন্যদিকে, প্রায় এক বছর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।

প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে আসলেও ইউনুস আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন। সম্প্রতি তিনি গোপনে অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে জানতে পারেন প্রাপ্তি। এরপর শুক্রবার দুপুরে বিয়ের দাবিতে ইউনুস আলীর বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি। তবে তার আসার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউনুস আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।