সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় শসা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৯০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ক্ষেতের শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়, যা টানা চার ঘণ্টা ধরে চলে। এতে অন্তত ৯০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামের সরকার বাড়ির জুয়েল তার জমিতে শসা চাষ করেছিলেন। গত দুদিন আগে সেই ক্ষেত থেকে শসা খেয়ে ফেলেন একই গ্রামের বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় সরকার বাড়ি ও বড়বাড়ি গোষ্ঠীর লোকজন।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), রাব্বি মিয়া (১১), আমীর আলী (৩৫), মাসুক মিয়া (৪৫) ও সাহার আলী (১৮)। তাদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া অন্তত ৮১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ১৫ জন আহত হন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।