সারাদেশ

সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে দুদকের অভিযান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে দুদকের অভিযান
সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথরের অবৈধ উত্তোলন ও লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান শুরু করেছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবার সরাসরি মাঠে নেমেছে সংস্থাটি।

বুধবার (১৩ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তিনি জানান, “স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ পাথর লুটের অভিযোগ পেয়েছে কমিশন। এতে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এ কারণেই দুদকের পক্ষ থেকে ইনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ লক্ষ্যে দুদকের একটি তদন্ত দল ইতোমধ্যে ভোলাগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে বলে জানা গেছে।

সম্প্রতি ঢাকাপ্রকাশসহ বিভিন্ন গণমাধ্যমে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় পাথর লুটের খবর প্রকাশ হলে তা দেশজুড়ে আলোড়ন তোলে। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ধ্বংসের ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হয়।