সারাদেশ

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে জমিয়ত নেতার লাশ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে জমিয়ত নেতার লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর অবশেষে নদী থেকে উদ্ধার হলো জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। মুহূর্তেই সেখানে শোকের ছায়া নেমে আসে।

গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-দিরাই সড়কের মদনপুর মোড় থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন মাওলানা মুশতাক। পরদিন স্বজনরা শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন এবং বিভিন্ন মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। তার নিখোঁজের ঘটনায় জমিয়ত নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচিও পালন করেছিলেন।

শুক্রবার সকালে শরিফপুর গ্রামের কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে বাঁশ দিয়ে আটকান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে নিশ্চিত হয় যে সেটি মাওলানা মুশতাকেরই লাশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “প্রায় তিন দিন পানিতে থাকায় শরীর ফুলে গেছে। তাই প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”