সারাদেশ
লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শেষে ফেরার পথে প্রাণ গেল প্রকৌশলীর
রেললাইন সচল রাখতে সারা রাত কাজ শেষে বাড়ি ফেরা হলো না মোজাম্মেল হকের। সিলেটের মোগলাবাজারে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের দায়িত্ব শেষ করে ভোরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাংলাদেশ রেলওয়ের একজন উপ-সহকারী প্রকৌশলী।
বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী মোজাম্মেল হক (৪৭) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করতেন তিনি।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সিলেটের মোগলাবাজারে লাইনচ্যুত একটি ট্রেন উদ্ধারের কাজ শেষ হয় রাত সাড়ে ৩টার দিকে। উদ্ধারকৃত ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ সিলেট স্টেশনে সরিয়ে নেওয়ার পর তিনি কুলাউড়া ফিরছিলেন মোটরসাইকেলে। চালকের আসনে ছিলেন ট্রলিম্যান, পেছনে বসেছিলেন মোজাম্মেল হক।
বরমচাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজারের মাউন্ট এডোরা হাসপাতালে নিলে চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”