সারাদেশ

দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৯, আহত অন্তত ১৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম

দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৯, আহত অন্তত ১৫
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত নয়জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক ইউপি সদস্য এলাইস মিয়ার অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই আজ জুমার নামাজের পর দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে, যা ঘণ্টাব্যাপী চলে।

সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহতদের মধ্যে গুরুতর আহতরা হলেন—ইছহাক মিয়া তালুকদার (২৮), ইকবাল মিয়া তালুকদার (৩৫), ফুল মিয়া তালুকদার (৩৪), কাসেম তালুকদার (৪৫), আব্দুল কাহের তালুকদার (৩৬), মুছা মিয়া তালুকদার (৬২), বসর মিয়া তালুকদার (৬৪), আলফু মিয়া তালুকদার (৩২), জহর উদ্দিন তালুকদার (৫৫), কয়েছ মিয়া তালুকদার (৬০), রিয়াজ মিয়া (১৫) ও মুতালিব মিয়া (২৯)।

তাদের সবাইকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. পিন্টু কুমার তালুকদার গুলিবিদ্ধ নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উত্তম কুমার দাশ বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রামে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”