সারাদেশ
লন্ডনগামী বাংলাদেশ বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। ফলে ফ্লাইটটি সাময়িকভাবে বিলম্বিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির। তবে যাত্রী বোর্ডিংয়ের সময়ই উড়োজাহাজটি বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়।
বিমানবন্দর সূত্র জানায়, ধাক্কায় বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা উড়োজাহাজের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা শুরু করেন। পরীক্ষা শেষে ঠিক করা হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কি না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানায়, ইঞ্জিন ও কাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, “ধাক্কা লাগার পরপরই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, যাত্রীদের লন্ডন পাঠাতে বিকল্প বিমান ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর আড়াইটায় বিকল্প ফ্লাইটে যাত্রা করবেন লন্ডনগামী যাত্রীরা।