সারাদেশ

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন, নিরাপত্তা জোরদার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন, নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

সিলেটে একই রাতে অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুইটি ঘটনাতেই কেউ হতাহত না হলেও শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

শনিবার রাত আড়াইটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগায় পাঁচজন দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায়-দুটি মোটরসাইকেলে এসে তারা দ্রুত পার্কিংয়ে প্রবেশ করে এবং মুহূর্তেই অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট ফায়ার সার্ভিসের সদস্য মোহাম্মদ জুনাইদ।

এ ঘটনার পর রবিবার সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশকে টহল ও তল্লাশি চালাতে দেখা যায়।

এদিকে একই রাতে কুমারগাঁও বাসস্ট্যান্ডে পার্কিংয়ে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৩টা ৪৮ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, দু’টি ঘটনাই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।