সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের বিরোধে গুলিবর্ষণ, তিনজন আহত
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এলোপাতাড়ি গুলিবর্ষণে আহত হন নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) এবং সাজু মিয়া। এর মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, কান্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে দুটি দলের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় সন্ধ্যায় এক পক্ষ অবস্থান নেওয়ার সময় প্রতিপক্ষ দল এসে গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনাটির পেছনে আধিপত্য ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, আহতদের মধ্যে দুইজন রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আধিপত্যের জেরে ঘটে যাওয়া এ ধরনের সহিংসতায় এলাকায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে।