সারাদেশ
সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
সিলেটের ওসমানীনগরে তিনটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।