সারাদেশ
জেলা কমিটিতে নাম তুলতে ৫ লাখ টাকা দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেন তামিম আহমদ।
অভিযোগে মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে এহসান জাকারিয়া, মো. তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তামিম আহমদের আগে থেকেই বিরোধ ছিল। তামিমের অভিযোগ, জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য এহসান জাকারিয়া পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর এহসান জাকারিয়া ও তারেক জামিল তামিমকে হত্যার হুমকি দেন।
তামিমের দাবি, ঘটনার রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাচ্ছিলেন। কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ অন্য অভিযুক্তরা তাদের পথরোধ করেন।
এ সময় এহসান জাকারিয়া আবারও তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তামিম। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোর করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
তামিমকে উদ্ধারে সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তামিমসহ সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তবে পাঁচ লাখ টাকা দাবি, অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।