সারাদেশ
সিলেট সীমান্তে ওয়াচ টাওয়ার থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর সীমান্তে মিনাটিলা সীমান্ত ফাঁড়ির একটি ওয়াচ টাওয়ার থেকে জামিল আহমেদ নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সহকর্মীরা টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করেন।
জামিল আহমেদ সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে কোনো এক সময় সহকর্মীরা ওয়াচ টাওয়ারে জামিল আহমেদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, জামিল আহমেদের মৃত্যুর পেছনে কোনো কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও বিজিবি পৃথকভাবে তদন্ত করছে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।