সারাদেশ
ফেসবুকে সরকারের সমালোচনা, হবিগঞ্জে যুবক গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা এবং আওয়ামী লীগের পক্ষে লেখালেখির অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় বা কী আইনি ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় বিভিন্ন স্থান থেকে ফেসবুকে সরকারের সমালোচনা এবং আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করছিলেন বলে জানা গেছে।
সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে করে এলাকায় ফিরে ব্যবসা বাণিজ্যে যুক্ত হন সিরাজুল ইসলাম। এরপর শুক্রবার রাতে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকতার মিয়া বলেন, “আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। অভিযান এখনো শেষ হয়নি, তাই এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। পরবর্তী সময়ে সব জানানো হবে।”
এ বিষয়ে জানতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন।
সিরাজুল ইসলামের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।