সারাদেশ
সুনামগঞ্জে বিয়েতে দাওয়াত না দেয়ায় চাচতো ভাইকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মাসুম মিয়া ও তার ভাইদের বিরুদ্ধে। নিহত নাজিম উদ্দিনের বয়স ৪৫ বছর। তিনি লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়েতে তার চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারকে দাওয়াত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ক্ষোভ ও বিরোধের সৃষ্টি হয়।
বিরোধ মেটাতে শনিবার সকালে মাসুম মিয়ার বাড়িতে যান নাজিম উদ্দিন। সেখানে বিয়ের দাওয়াত নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাসুম মিয়া ও তার ভাইয়েরা দা ও ছুরি নিয়ে নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করেন, শুক্রবার বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের জেরে মাসুমের নেতৃত্বে নাজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে যান। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।