বিশেষ মন্তব্য

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয়: তনি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয়: তনি
ছবি: সংগৃহীত

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি সংবাদ সম্মেলনে পাঠের বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)-এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানিয়েছেন, সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই তিনি ওই স্মারকলিপি পাঠ করেছিলেন।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তনি। সেখানে তাকে সিসিএসের সদস্যসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিলের নাম উল্লেখ করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া এক লিখিত বিবৃতিতে তনি বলেন, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তার সরাসরি অনুরোধ এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপির ভিত্তিতেই তিনি বক্তব্যটি পাঠ করেন। স্মারকলিপির রচয়িতা তিনি নন বলেও স্পষ্ট করেন তনি।

তিনি আরও উল্লেখ করেন, এটি ছিল সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতকৃত একটি লিখিত বক্তব্য, যা তিনি আনুষ্ঠানিক দায়িত্ব হিসেবে পাঠ করেছেন। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি কোনো চিঠি দেননি বা অভিযোগ দায়ের করেননি বলে বিবৃতিতে জানান।

সংবাদ সম্মেলনের পর থেকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন রোবাইয়াত ফাতিমা তনি। তার দাবি, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সংগঠিতভাবে অনলাইন বুলিং, ট্রলিং ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

তনি জানান, হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাইবার আইনের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

বিশেষ মন্তব্য নিয়ে আরও পড়ুন