খেলা
বিসিবির আইন উপদেষ্টা হলেন ব্যারিস্টার শাইখ মাহাদী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক কাঠামোতে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটি গঠন করেছে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই কমিটিতে আইন উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহাদী।
গত বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড থেকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্যারিস্টার শাইখ মাহাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ আইন, সংবিধানিক ও ফৌজদারি আইনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আইন শিক্ষায়ও তিনি যুক্ত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি Denning Law Institute-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও ভূমিকা পালন করছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এবং বিপিপি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি মানবাধিকারবিষয়ক সংগঠন ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর আইনি পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বোর্ড সংশ্লিষ্টদের আশা, ব্যারিস্টার মাহাদীর আইন উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়ায় বোর্ডের চুক্তি, নীতিমালা, এবং অন্যান্য আইনি বিষয়ের জটিলতা মোকাবিলায় একটি কার্যকর ও পেশাদার কাঠামো গড়ে উঠবে। নতুন প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটির মাধ্যমে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলেও মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।