খেলা
ধোনিকে ভারতীয় দলের সাথে যুক্ত করতে প্রস্তাব দিল বিসিসিআই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও আইপিএলে মাঠ কাঁপাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে ঘিরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশেষ পরিকল্পনা করেছে।
সেই পরিকল্পনার অংশ হিসেবেই ধোনিকে ফের জাতীয় দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বোর্ড। এবার তাকে মেন্টরের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ধোনি এই দায়িত্ব নিতে রাজি হবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ধোনির নেতৃত্বগুণ, অভিজ্ঞতা, ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা এখনও দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে বলে মনে করছে বিসিসিআই। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, "ধোনির মতো একজন মস্তিষ্ক দলের সঙ্গে থাকলে তরুণ ক্রিকেটাররা অনেক বেশি অনুপ্রাণিত হবে। বিশ্বকাপের মতো মঞ্চে তার অভিজ্ঞতা ভারতের পক্ষে বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।"
তবে এই খবরে ক্রিকেট মহলে নতুন প্রশ্ন উঠেছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে সম্প্রতি ভারত ছোট ফরম্যাটে দারুণ সাফল্য পেয়েছে। তার অধীনে ভারত চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। তাহলে কেন আবার ধোনিকে মেন্টরের দায়িত্বে ফেরাতে চাইছে বোর্ড? বিশ্লেষকদের মতে, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়রদের অনুপস্থিতিতে ড্রেসিংরুমে একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী ব্যক্তিত্বকে চাইছে বিসিসিআই। আর সেই জায়গায় ধোনির চেয়ে বড় নাম আর কেউ নেই।
এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও মেন্টরের ভূমিকায় ছিলেন ধোনি। তবে সেই আসরে প্রত্যাশা পূরণ হয়নি। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই ১০ উইকেটে হারের পর ভারত গ্রুপ পর্বেই বিদায় নেয়। পরবর্তীতে দায়িত্ব ছাড়েন ধোনি। এবার তাই তিনি নতুন করে বোর্ডের প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এর অন্যতম কারণ গৌতম গম্ভীর। দীর্ঘদিন একসঙ্গে খেলার পরও ধোনি ও গম্ভীরের ক্রিকেটীয় দর্শন ও পরিকল্পনা অনেকটাই ভিন্ন। ধোনি যেখানে ঠাণ্ডা মাথার কৌশলগত সিদ্ধান্তে বিশ্বাসী, সেখানে গম্ভীর খোলামেলা সমালোচনায় পিছপা নন। অতীতে একাধিকবার ধোনির নেতৃত্ব নিয়ে গম্ভীর প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। ফলে দুইজন একসঙ্গে কাজ করলে দলের পরিবেশে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
তবুও ভারতীয় ক্রিকেট বোর্ড আশাবাদী যে, দেশীয় মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ধোনিকে দলে যুক্ত করলে তা দলের শক্তি বাড়াবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত আবারও স্বপ্ন দেখছে দেশের মাটিতে শিরোপা জয়ের। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবদের সামনে ধোনির মতো কিংবদন্তির উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।