খেলা

বিপিএল আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

বিপিএল আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনে এবার বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব এবার তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন কোম্পানি ‘আইএমজি’-এর হাতে।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। আগামী তিন আসরের জন্য আইএমজিকে ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে বিসিবি।

উল্লেখ্য, আইএমজি এর আগে জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল। এবার তারা প্রথমবারের মতো বিপিএলের আয়োজন সামলাবে।

তবে বিসিবির সঙ্গে ঠিক কী পরিমাণ অর্থে চুক্তি হয়েছে, কিংবা বিসিবিকে কত টাকা দিতে হবে—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বোর্ড।

বিপিএলের আয়োজনে পেশাদারিত্ব আনতে অনেকদিন ধরেই একটি অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের খোঁজে ছিল বিসিবি। সে লক্ষ্যে গত কয়েক মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়।

বিজ্ঞপ্তির পর ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপসহ মোট ৭টি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়।

এরপর পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন শোনে বিসিবি। সবশেষে তিনটি প্রতিষ্ঠানের নাম আসে সংক্ষিপ্ত তালিকায়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে শেষ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছে আইএমজি।

বিষয়টি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “আমরা দীর্ঘ আলোচনা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত আজ বোর্ড সভায় হয়েছে। আইএমজির মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারাটা বিসিবির জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা করছি।”