খেলা
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশ নারী দলের
বিশ্বকাপের শুরুটা হলো স্বপ্নের মতো! একেবারে একচেটিয়া আধিপত্য দেখিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়ালেন তরুণ তুর্কিরা।
কলম্বোর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হোঁচট খায় পাকিস্তান। বাংলাদেশের পেস ও স্পিনের সামনে যেন কিছুই করার ছিল না তাদের। মারুফার আগুন ঝরানো বোলিংয়ে শুরুতেই ধাক্কা, এরপর নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে ধসে পড়ে পাকিস্তানি ইনিংস। মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় তারা!
মারুফা প্রথম ওভারেই যেন বাজিমাত করে দেন ওমাইমা আর সিধরাকে দুই বলে ফেরত পাঠিয়ে পাকিস্তানের কোমরটাই ভেঙে দেন। এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা সময় ৫০ রান হতেই ৪ উইকেট নেই তাদের!
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল স্বর্ণা- মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট! নাহিদা, মারুফা নেন ২টি করে উইকেট। নিশিতা, রাবেয়া, ফাহিমাও উইকেটের দেখা পান।

জয়ের জন্য মাত্র ১৩০ রানের লক্ষ্য, কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগ্রেসদের। ফারজানা ও শারমিন দ্রুত ফিরলেও একপ্রান্ত ধরে রেখে ব্যাটে ঝলক দেখান রুবাইয়া হায়দার ঝিলিক।
দলের বিপদের সময় ক্যাপ্টেন নিগারকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। নিগার ফিরলেও থামেননি ঝিলিক। সুবহানা মোস্তারিকে নিয়ে ম্যাচটা একপ্রকার নিজেদের মত করে শেষ করেন। ওয়ানডে অভিষেকেই ঝকঝকে ফিফটি- ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ঝিলিক। মুস্তারি ছিলেন ২৪ রানে অপরাজিত।
বাংলাদেশ জয় পায় ১১৩ বল হাতে রেখে, ৭ উইকেটের বিশাল ব্যবধানে।